আন্দোলনের পর ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত

সপ্তাহব্যাপী চলমান আন্দোলনের পর অবশেষে ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেন।

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরে ঈশ্বরদীতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় বাসিন্দা এবং শিল্প-বণিক সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের আবেগ-অনুভূতির কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস।

ইউএনও সুবির কুমার দাস বলেন, ঈশ্বরদীতে সপ্তাহজুড়ে চলমান আন্দোলন ও নেসকো কর্মকর্তাদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করে আমরা বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং পরিস্থিতি বিবেচনায় তারা প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলেও তিনি জানান।