বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে দীর্ঘ প্রায় ১৬ মাস টেস্টের বাইরে কাটানো অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের অ্যাশেজ সিরিজের প্রস্তুতি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। নিজের সেরা ফর্মে লাল বলের লড়াইয়ে অবতীর্ণ হতে চান সাবেক এই অজি অধিনায়ক।
অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেন, সাবেক অধিনায়ক স্মিথ ব্যাটিং কোচ গ্রায়েম হিকের অধীনে নেটে দীর্ঘ সময় কাটাচ্ছেন, যাতে আগামী ১ আগস্ট এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই নিজের সেরা দক্ষতা নিয়ে খেলতে পারেন।
অনুশীলনে কঠোর পরিশ্রম করা স্মিথের সঙ্গে টেস্ট স্কোয়াডে ফিরছেন বল টেম্পারিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হওয়া ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফটও। সবাই ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন।
সাউদাম্পটনে অজি দলের অনুশীলন ক্যাম্পে পেইন সাংবাদিকদের বলেন, ‘আপনার কোনো লক্ষ্য না থাকলে টেস্টে ৬০ রানের গড় নিয়ে কখনো আপনি বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হতে পারবেন না। তার আগ্রাসি ব্যাটিংয়ের কোনো পরিবর্তন না হওয়া দেখে ছেলেদের মুখে কিছুটা হাসি ফুটেছে। তাকে দেখে যেমন দারুণ লাগছে, তেমনি ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফটও আগের নিখুত দক্ষতা নিয়ে দলে ফিরেছেন।
এরাই সব সময় দলের আলাদা উন্নত মানের প্রশিক্ষণ ধরে রেখেছেন। সেই সঙ্গে অন্যদের জন্যও সেটি নির্ধারণ করে দিয়েছেন। দলে ফেরার পর থেকেই এই তিন তারকা অসাধারণ কাজ করছেন।’
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ব্যর্থতা মুছে এখন মনোবল ফিরে পাওয়ার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে অসিদের। ‘এ’ দলের খেলোয়াড়দেরও যুক্ত করে দুই দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে একটি চার দিনের ম্যাচে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, যেটি শুরু হবে আগামী মঙ্গলবার। ঐ ম্যাচের পরই অ্যাশেজের জন্য অজি স্কোয়াড গঠন করা হবে বলে জানিয়েছেন পেইন।
তিনি বলেন, ‘অজি স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য দুই দলেরই লক্ষ্য থাকবে জয়লাভ করা এবং ব্যক্তিগত সেরা নৈপুণ্য প্রদর্শন করা। প্রত্যেকের দক্ষতা দেখার জন্য এটি হচ্ছে দারুণ একটি সুযোগ। ফলে প্রথম টেস্টে মাঠে নামার আগেই আমরা বুঝতে পারব আমাদের অবস্থান। সবার যেমন সঠিক প্রস্তুতি রয়েছে, তেমনি নিজেরাও চাপের মধ্যে থাকবে।’
এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে অংশগ্রহণের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে অপ্রত্যাশিতভাবে সাজঘরে ফিরে যাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাজাও এজবাস্টন টেস্টের আগে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন পেইন। তিনি বলেন, ‘টেস্টে তার অংশপ্রহণ নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। সে এখন পুনর্বাসনে রয়েছে।’ - বাসস