নতুন মৌসুম শুরুর আগে অন্য এক দ্বৈরথে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ব্রাজিল ফরোয়ার্ড নেইমারকে দলে ভেড়ানোর দৌড়ে যোগ দিয়েছে রিয়াল। সাবেক বার্সেলোনা তারকাকে পেতে পিএসজিকে গ্যারেথ বেল এবং সঙ্গে ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে মাদ্রিদের ক্লাবটি, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে স্প্যানিশ গণমাধ্যমে।
বেশ কিছুদিন ধরেই নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জনে ইউরোপীয় সংবাদ মাধ্যম মুখরিত ছিল। নানা ঘটনার প্রেক্ষিতে বার্সেলোনায় তার ফেরাকেই অবশ্যম্ভাবী বলে মনে হচ্ছিল। কিন্তু এবার তাতে যোগ দিয়েছে কাতালান দলটির চিরপ্রতিদ্বন্দ্বীও।
এএস, মুন্দো দেপোর্তিভোসহ স্পেনের উল্লেখযোগ্য সংবাদ মাধ্যমের দাবি, গ্যারেথ বেল এবং ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে পেতে চায় রিয়াল। এই প্রস্তাবটি আরো দুই সপ্তাহ আগেই পিএসজিকে দিয়েছে দলটি। বর্তমানে নেইমারের এজেন্ট পিনি জাহাভির বিবেচনাধীন আছে ব্যাপারটা।
নেইমার দুই মৌসুম আগে ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন বিশ্বরেকর্ড গড়ে। অপরদিকে বেল ২০১৩-১৪ মৌসুমে রিয়ালে এসেছিলেন সে সময়কার বিশ্বরেকর্ড ১০০ মিলিয়ন ইউরোয়।
বেল রিয়াল মাদ্রিদ না ছাড়তে চাইলেও স্পানিশ ক্লাবটি নিজেদের পরিকল্পনায় তাকে না রাখার পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিয়েছে। গত রবিবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর কোচ জিনেদিন জিদান তো বলেই দিয়েছিলেন, যত তাড়াতাড়ি সে রিয়াল ছাড়বে ততই মঙ্গল। তিনি এটাও জানিয়েছিলেন ‘নতুন একজনকে দলে ভেড়াতে কাজ করে যাচ্ছে দল’।
তবে বেলের মাদ্রিদ ছাড়ার ক্ষেত্রে তার বিশাল অঙ্কের বেতন বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। স্প্যানিশ দলটিতে প্রতিবছর ১৫ মিলিয়ন ইউরো আয় করেন তিনি, যা কমানোর ক্ষেত্রে কোনো প্রকারের ইচ্ছাই নেই তার। এমন পরিস্থিতিতে তার এমন ব্যয় বহন করার মতো দল পিএসজিই আছে।
নেইমার দল ছাড়লে বার্ষিক ৩৬ মিলিয়ন ইউরো বাঁচবে পিএসজির। এর অর্ধেকেরও কম খরচ দিয়ে বেলকে দলে রাখার ব্যাপারটি দারুণভাবে বিবেচনায় নিয়েছে তারা, জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম। মুন্দো ও এএস-এর সঙ্গে যুক্ত হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টের দাবিও।
নেইমারের খুব কাছের সূত্র ধরে তারা জানাচ্ছে, শেষ দুই সপ্তাহে বেল ও নেইমারের ‘সোয়্যাপ ডিল’ অদলবদলের ব্যাপারটা বেশ গতি পেয়েছে। পিএসজি নেইমারের ফেলে যাওয়া শূন্যস্থানের স্বল্পমেয়াদি সমাধান হিসেবে দেখছে বেলকে।
এদিকে বার্সেলোনা নেইমারের জন্য পিএসজিকে ফেলিপে কোটিনহো, উসমান দেম্বেলে, ইভান রাকিটিচ ও স্যামুয়েল উমতিতিদের কারোর সাথে বড় অঙ্কের নগদ মিলিয়ে চুক্তির প্রস্তাব দিয়েছিল বলেও খবর বেরিয়েছে। প্রস্তাব দুটিই যদি সত্যি হয়ে থাকে তবে সামনে বড় রকমের দোটানাই অপেক্ষা করছে পিএসজির সামনে।