সফল বিশ্বকাপ মিশন শেষ করে আজই প্রথমবারের মতো মাঠে নামছে ইংল্যান্ড। এবার ফরম্যাট হলো টেস্ট। সেই বিশ্বজয়ের ভেন্যু লর্ডসে এক টেস্টের সিরিজে ইংল্যান্ডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যদিও এই টেস্টে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ইংল্যান্ড শিবির। আর সেটা হলো কাফ ইনজুরির কারণে ম্যাচটিতে অংশ নিতে পারবেন না অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে মূলত অ্যাশেজের আগে নিজেদের প্রস্তুতি হিসেবে দেখছে ইংল্যান্ড। আর এই ম্যাচে অ্যান্ডারসনের না থাকাটা তাই দলের বড় একটা দুর্ভাগ্যই বটে। আগামী এক আগস্ট এজবাস্টন টেস্ট সিরিজ শুরু হবে অ্যাশেজের মহারণ। যদিও এই সময়টা দলের সঙ্গে থেকেই ফিট হয়ে উঠবেন অ্যান্ডারসন। জুলাইয়ের শুরুতেই ইনজুরিতে পড়েছিলেন অ্যান্ডারসন। কাউন্টি দল ল্যাঙ্কশায়ারের হয়ে খেলার সময় গেল দুই জুলাই তিনি চোট পান। এর পাঁচদিন পর স্ক্যান রিপোর্টে তার ইনজুরি নিশ্চিত হয়।
ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে বলেই কি না, আজ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। দুই পেসার—ওলি স্টোন কিংবা লুইস গ্রেগরী হয়তো আজ টেস্ট ক্যাপ পেয়ে যেতে পারেন। এর মধ্যে ওয়ারউইকশায়ারের পেসার স্টোনের সম্ভাবনাই বেশি।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড:
জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারেন, জো ডেনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন ও ক্রিস ওকস।