ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত সোমবার রাতে উস্টারে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশের যুবারা। স্বাগতিকদের হারানোর স্মৃতি নিয়েই আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামছে আকবর আলীর দল। উস্টারেই অনুষ্ঠিত হবে ম্যাচটি। ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হেরেছে ইংল্যান্ড। একটি করে জয় আছে বাংলাদেশ ও ভারতের যুবাদের। আজকের ম্যাচটি তাই দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার লড়াই।
উস্টারে বাংলাদেশের বোলারদের তোপে ৭ উইকেটে ২০০ রানের বেশি যেতে পারেনি ইংল্যান্ড। তানজিম হাসান সাকিবের বোলিংয়ে ৮৭ রানে ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। পরে সপ্তম উইকেটে গোল্ডসওয়ার্থি ও অলড্রিজ ১১১ রানের জুটি গড়েন। তাতেই দুইশ স্পর্শ করে ইংল্যান্ডের স্কোর। গোল্ডসওয়ার্থি অপরাজিত ৬৯, অলড্রিজ ৫৮ রান করেন। বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৪৯ রানে চারটি, মৃত্যুঞ্জয় চৌধুরী একটি উইকেট নেন।
জবাবে তৌহিদ হূদয় ও শাহাদাত হোসেনের হাফ সেঞ্চুরিতে ৩৮.১ ওভারে ৪ উইকেটে ২০৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ যুবদল। তৌহিদ হূদয় অপরাজিত ৭০, শাহাদাত ৫৭, মাহমুদুল হাসান জয় ৩৬, নাবিল ১৪, আকবর আলী অপরাজিত ৯ রান করেন। ইংল্যান্ডের অলড্রিজ নেন ২ উইকেট।