জয় দেখছে বিসিবি একাদশ

প্রথম দুই ম্যাচ ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে জয় দেখতে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। মিনি রঞ্জি ডাক নামের ড. কে থিম্মাপিয়া স্মৃতি টুর্নামেন্টে গতকাল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বিসিবি একাদশের বিপক্ষে স্বাগতিক দলের ইনিংস পরাজয় এড়াতে ১৫৫ রান দরকার ছিল।

প্রথম ইনিংসে স্থানীয় কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারিস একাদশ ৭৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে বিসিবি একাদশ অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করে। আর দ্বিতীয় ইনিংসে ১০০ রান তুলতে তিন উইকেট হারিয়েছে কর্ণাটকের দলটি।

তিন উইকেটে ১৩৫ রান নিয়ে গতকাল দিনের খেলা শুরু করে বিসিবি একাদশ। আগের দিন ৫৯ রান করা সাদমান ইসলাম ইনজুরিতে পড়েছেন। বিসিবি একাদশ এই ম্যাচ জিতে সেমিফাইনালে গেলে সাদমানের বদলি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গতকাল বাংলাদেশের ইনিংসটা টেনে নিয়ে যান নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। গতকালের স্কোরের সাথে আর কোনো রান যোগ না করেই জহুরুল ইসলাম অমি ২৮ রানে ফিরে আসেন। এরপর ইয়াসির আলী ১৬ রান করে ফিরে আসেন। শান্ত ও সোহান এরপর টেনে নিয়ে যান বাংলাদেশের ইনিংসকে।

শান্ত ১২৫ বলে ১১টি চারে সাজানো ৭২ রানের ইনিংস খেলে ফেরেন। আর সোহান ৮৭ বলে ৬৮ রান করেন। এই দুই জনের পরই মাত্র এক রান করে ফিরে আসেন আরিফুল। শেষদিকে বিসিবি একাদশের ইনিংসটা বড়ো করেন দুই বোলার সানজামুল ও শহীদুল। সানজামুল ৩৩ রান করেন। আর প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া শহীদুল ২৪ রান করেন।

২৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামা কর্ণাটকের দলটি শুরুতেই এবাদত হোসেনের তোপের মুখে পড়ে। এবাদত তুলে নেন দুই উইকেট। এরপর শহীদুলও একটি উইকেট নেন ফলে ৫৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে কর্ণাটক। এখান থেকে অভিনব মনোহর ৩৭ এবং নাগা ভারত ৩৯ বলে তিন রান করে টেনে নিয়ে যাচ্ছেন দলটিকে।