সিনেমাগুলোর খবর কী?

 

রোজার ঈদের পর ঢাকাই চলচ্চিত্রের বাজার একেবারেই মন্দা যাচ্ছে। যে সিনেমাই হলে যাচ্ছে, ফ্লপ! কলকাতার সিনেমা এনেও লাভ হয়নি, হল ফাঁকাই থাকছে। তবে দেশের হলে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা সিনেমার সংখ্যা কম নয়! এর মাঝে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমাও রয়েছে। আবার দু-একটা সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবগুলোতে প্রশংসাও কুড়িয়েছে। এই সিনেমাগুলো কখন হলে আসবে, সেই প্রহর গুনছেন দেশীয় চলচ্চিত্রপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে আলোচনাও হচ্ছে, সিনেগুলো মুক্তি পাচ্ছে না কেন? সিনেমাগুলোর খবর কী?

দেশের শীর্ষ তারকা শাকিব খানের ‘শাহেনশাহ’ সিনেমাও রয়েছে এই প্রশ্নের মুখে। এই ছবিতে নুসরাত ফারিয়া ও নবাগত রোদেরা জান্নাত রয়েছেন শাকিবের বিপরীতে। বাংলা নববর্ষে মুক্তি পাওয়ার কথা ছিল এটি। কিন্তু পরে বলা হলো, রোজার ঈদে মুক্তি পাবে। তাও পায়নি। এই সিনেমার প্রযোজক সেলিম খান জানান কোরবানির ঈদেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘কবে মুক্তি দেওয়া হবে সে ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। তবে এই ঈদে মুক্তি না পেলেও সমস্যা নেই, এটা ভালো সিনেমা, যখনই হলে আসবে, চলবে।’ জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি গত পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখনো নতুন কোনো খবর নেই। পরিচালক মাহমুদ দিদার জানান, এই ঈদেও মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বেশ প্রশংসা ও সম্মান অর্জন করেছে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। কিন্তু দেশে মুক্তি পাওয়ার বিষয়ে কোনো টু-শব্দও শোনা যাচ্ছে না। জানা গেছে, সেন্সর বোর্ডের ঝামেলা চুকে গেলেই মুক্তির তারিখ নির্ধারণ করা হবে।

দেশের প্রথম অমনিবাস সিনেমা ‘ইতি তোমারই ঢাকা’ও বিভিন্ন উত্সবে দাপিয়ে বেড়াচ্ছে, প্রশংসিতও হচ্ছে। এটি নির্মাণ করেছেন ১১ জন নির্মাতা। বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, মুক্তির বিষয়ে তাঁরা কিছু জানেন না।

গতবছরের শুরুতে ‘ঊনপঞ্চাশ বাতাস’ নিয়ে খানিকটা আলোচনা শোনা গিয়েছিল। বিশেষ করে পোস্টারটা বেশ নজর কেড়েছিল। শার্লিন ফারজানা ও ইমতিয়াহ বর্ষণ এই সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক তরুণ নির্মাতা মাহমুদ হাসান উজ্জ্বল বলেন, ‘ছবিটি আগামী অক্টোবরে মুক্তি দিতে চাই। শিগগিরই এটি নিয়ে সেন্সরে যাবো।’

এছাড়া মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’, আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি পরিচালিত ‘যাযাবর’, অরুণ চৌধুরীর ‘মায়াবতী’সহ বেশ কয়েকটি সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনো শঙ্কা রয়েছে। এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, ‘নিয়মিত সিনেমা মুক্তি না পেলে আমরা দেখাবো কী। প্রতি সপ্তাহে নতুন ভালো গল্প ও বাজেটের সিনেমা ছাড়া বিকল্প নেই।’