নতুন চলচ্চিত্রে পিয়া, সঙ্গে সিয়াম

ক্রিকেট বিশ্বকাপ চলাকালে উপস্থাপনায় ব্যস্ত ছিলেন মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। বিশ্বকাপ শেষে দেশে ফিরেই মনোযোগ দিয়েছেন মডেলিং ও অভিনয়ে। সোমবার রাতে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। এতে তাঁর সহ-শিল্পী হিসেবে অভিনয় করবেন অভিনেতা সিয়াম আহমদে।

নতুন এই চলচ্চিত্রের নাম ‘স্বপ্নবাজি’। এটি পরিচালনা করছেন রায়হান রাফী। পরিচালক বলেন, ‘এ ছবিতে এই জুটি ছাড়াও আরো দুটি জুটি থাকবে। আগামী অক্টোবরের মাঝে সিনেমাটির শুটিং শুরু হবে। তার আগে নামগুলো জানানো হবে।’

চলচ্চিত্রটি নিয়ে পিয়া জান্নাতুল বলেন, ‘এটি নিয়ে আরো আগে থেকেই কথা চলছিল। অবশেষে চুক্তিবদ্ধ হয়েছি। এই ছবির গল্প গ্ল্যামার ওয়ার্ল্ডের। এ কারণে আমি নিজেও আগ্রহী ছিলাম। গল্পটা সবারই পছন্দ হবে।’

এদিকে সিয়াম আহমেদ সিনেমা নিয়েই ব্যস্ত। এরইমধ্যে রায়হান রাফীর সঙ্গে তিনি আরো দুটি চলচ্চিত্রের কাজ করেছেন।