প্রকাশ্য দিবালোকে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান তাসলিমা বেগম রেনু (৪০)। তাই মায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে শত মানুষের ভিড়ে লক্ষ্মীপুরের রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাজপথে দাঁড়িয়েছে চার বছরের অবুঝ শিশু তাসনিম তুবাও।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের প্রাইম ব্যাংকের সামনে রেনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সর্বস্তরের মানুষ। এসময় সর্বস্তরের মানুষের সঙ্গে মা হত্যার বিচার চেয়ে অবুঝ শিশু তুবা চারদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, পৌর যুবলীগের নেতা হোসেন সর্দার, তানভীর কামাল, স্বেচ্ছাসেবক লীগের নেতা জাকির হোসেন প্রমুখ। এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় বক্তারা বলেন, ছেলেধরা গুজবেই তাসলিমা বেগম রেনুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাসলিমা বেগম রেনু ছিলেন একজন ভালো প্রকৃতির মানুষ। কিন্তু তাকে আজ এইভাবে পিটিয়ে হত্যা করা হবে, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। এই হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। এসময় পরিবারের লোকজন গুজব ছড়িয়ে মানুষ হত্যার বিচারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই শনিবার সকালে ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাসলিমা বেগম রেনুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।