রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নেতৃত্ব দেওয়া সেই হূদয় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটায় নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম। বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ডিবির টিম হূদয়কে গ্রেফতার করেছে।
এদিকে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় সোমবার রাতে গ্রেফতার হওয়া দুই জনকে চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডকৃত আসামিরা হলেন—মো. কামাল হোসেন ও আবুল কালাম আজাদ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল রাজ্জাক আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
অপরদিকে গণপিটুনির ঘটনায় পুলিশ ওয়াসিম (১৪) নামে এক কিশোরকে আটক করে। তাকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানায়, ভিডিও ফুটেজে ওয়াসিমকে ঐ নারীকে পেটাতে দেখা গেছে। আটকের পর ওয়াসিম পুলিশের কাছে স্বীকারও করেছে।
অপরদিকে রবিবার গ্রেফতারকৃত তিন আসামি শাহীন (৩১), বাচ্চু মিয়া (২৮) ও বাপ্পী (২১) চার দিন করে রিমান্ডে নিয়ে বাড্ডা থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জাফর পাটোয়ারি। শনিবার সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে (৪০) পিটিয়ে হত্যা করে।