সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু বাহিনীর প্রধানসহ দুই জন নিহত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) জোংড়া খালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধান খালেকসহ দুই বনদস্যু নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র্যাব-৮ (বরিশাল) এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে নিয়মিত টহলের অংশ হিসেবে ঐ খাল এলাকায় টহল দিচ্ছিল র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় দস্যুরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের একপর্যায়ে দস্যুরা পিছু হটে। একপর্যায়ে বনদস্যুরা বনের গহীনে চলে যায়। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুই দস্যুকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় জেলে ও সাধারণ মানুষ নিহত দুজনের মধ্যে একজনকে সুন্দরবনের দস্যু খালেক বাহিনীর প্রধান খালেক ও অপরজন তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল বলে শনাক্ত করে।  নিহতদের মরদেহ দাকোপ থানায় হস্তান্তরসহ এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।