প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার

যুক্তরাজ্যে সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে লন্ডনের একটি হাসপাতালে সোমবার অস্ত্রোপচার করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম লন্ডন থেকে জানান, সোমবার বিকালে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন। প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে ডিজিটালি স্বাক্ষর করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১৯ জুলাই লন্ডনে পৌঁছার পর একাধিক গুরুত্বপূর্ণ ইলেকট্র্রোনিক ফাইল স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন।

এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষকাল সফরে লন্ডন যান। সফরকালে প্রধানমন্ত্রী শনিবার লন্ডনে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেন। এতে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে—সেই আলোচনাই প্রাধান্য পায়। এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা বিষয়েও আলোচনা হয়।