বিআইডব্লিউটিএর দুর্নীতি মামলা

আব্দুস সালামের সাত বছরের কারাদণ্ড, ৪১ কোটি টাকা জরিমানা

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বিআইডব্লিউটিএর হিসাব বিভাগের সাবেক সহকারী হিসাব কর্মকর্তা মো. আব্দুস সালাম খানকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৪১ কোটি ১৯ লাখ ৭ হাজার ৩২ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসামির স্থাবর/অস্থাবর সব সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রায়ে দণ্ডিত এ আসামির স্ত্রী শাহনাজ পারভীন লাভলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক জয়নাল আবেদীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, রায় ঘোষণার পর আসামি সালামকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১০ সালের ২৫ নভেম্বর পর্যন্ত বিআইডব্লিউটিএ কর্মচারী ভবিষ্যত্ তহবিলের ১৯ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ১১৬ টাকা ইচ্ছাকৃতভাবে বিআইডব্লিউটিএ কর্মচারী দলীয় বিমা ট্রাস্টি বোর্ডের পুরানা পল্টন শাখার জনতা ব্যাংকে জমা দেন। পরে তিনি প্রতারণামূলকভাবে ৬৫২টি চেক ব্যবহার করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ২০ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৫১৬ টাকা  উত্তোলনপূর্বক আত্মসাত্ করেন। এ ঘটনায় দুদকের উপপরিচালক মো. বেনজীর আহমেদ ২০১১ সালের ২৩ জুন মামলা দায়ের করেন।