দোহারে ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন

ঢাকার দোহারে ভিজিএফ/ভিজিডির সরকারি চাল গরিবদের মাঝে বণ্টন না করে তা আত্মসাত্ করার চেষ্টার অভিযোগ এনে বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার ‘বিচার দাবিতে মানববন্ধন’ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জয়পাড়া থানার মোড় থেকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় এলাকাবাসী। পরে উপজেলা প্রাঙ্গণে এসে মানববন্ধন করে তারা। ইউনিয়ন পরিষদের অন্তত ১২ জন সদস্য মিছিলের নেতৃত্ব দেন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের বিচার চেয়ে বক্তব্য দেন।

ঘটনা সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসীর অভিযোগে রবিবার রাত ৯টার দিকে পরিষদের গোডাউনে থাকা বিপুল পরিমাণ চাল জব্দ করে গোডাউন সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। সোমবার সকালে গোডাউনের সিলগালা খোলা দেখে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। মঙ্গলবার তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন। মানববন্ধনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. শেখ আয়নালসহ ইউপি সদস্যরা বলেন, উপজেলা খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণ না করে মজুত রাখা হয়। চেয়ারম্যান পরিষদের নির্বাচিত ১২ জন সদস্যের মতামত উপেক্ষা করে একতরফাভাবে মাস্টাররোল তৈরি করে আত্মসাত্ করার চেষ্টা করেছেন।