কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। এ সময় পুলিশের তিন জন সদস্য আহত হয়েছে।
জানা যায়, রবিবার রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানার একদল পুলিশ উপজেলার হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ায় মাদক উদ্ধার অভিযানে গেলে মাদক কারবারি গ্রুপের সশস্ত্র সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই অহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন আহত হয়। পুলিশও সরকারি সম্পদ এবং জীবনরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র, তাজা কার্তুজ ও ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিত্সা এবং গুলিবিদ্ধ হোছনকে চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার রেফার করা হয়। কক্সবাজার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ব্যক্তি হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আনু মিয়ার পুত্র মো. হোছন (৩৯) বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এই অভিযানের ব্যাপারে থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো না হলেও তদন্ত সাপেক্ষে পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।