শেয়ারবাজার ধসের জন্য সরকার দায়ী --------------- বিএনপি

শেয়ারবাজার ধসের জন্য সরকারকে দায়ী করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এক দিনেই ৪ হাজার ৩৫৮ কোটি টাকার লোকসান গুনতে হয়েছে বিনিয়োগকারীদের। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ঋণগ্রস্ত বিনিয়োগকারীরা। এই টাকা সরকারের রাঘব-বোয়ালরা লুট করছে। এর আগেও শেয়ারবাজার থেকে লুটপাট হলেও সরকার লুটেরাদের বিচার করেনি। গতকাল দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে একথা বলেন রিজভী।

বিএনপি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিকেলে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রিজভী। রিজভী বলেন, জনগণের কল্যাণ নয়, বরং লুটের রাজত্ব কায়েম রাখতেই বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। জনগণের গণতান্ত্রিক অধিকারকে কবর দিয়ে বিএনপিসহ সকল বিরোধী দলকে নিশ্চিহ্ন করাতে মরিয়া হয়ে উঠেছে সরকার। কিন্তু জনগণ শাসকগোষ্ঠীর এই স্বপ্ন কোনো দিনই পূরণ হতে দেবে না। মিছিলে তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মহিউদ্দিন লোবান, যুবদল নেতা নজরুল ইসলাম, ফারুকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।