হার দিয়ে ইংল্যান্ড সিরিজ শুরু করে ভারত। প্রথম টেস্টে বাজে বোলিংয়ের পাশাপাশি একাধিক ক্যাচ মিস করে ভারতীয় ফিল্ডাররা। তবে এজবাস্টন টেস্টে ব্যাটারদের পাশাপাশি বোলারদের নৈপুণ্যে স্বাগতিকদের ৩৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা এনেছে ভারত। এমন জয়ের পর সমালোচকদের একহাত নিয়েছেন অধিনায়ক শুভমান গিল।
ম্যাচের শেষে গিল বলেন, 'আগের ম্যাচের পর অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা। এবার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করতে পেরেছি। বোলিং এবং ফিল্ডিংয়ে যেভাবে উন্নতি করেছি তা দেখে অবিশ্বাস্য লেগেছে। আমরা জানতাম এই পিচে ৪০০-৫০০ রান তুললেই যথেষ্ট। সব ম্যাচে হেডিংলের মতো খেলবো না, এটা মাথায় রাখা দরকার।'
এরপর চেতেশ্বর পুজারাকে দেওয়া সাক্ষাৎকারে সমালোচনার জবাব দিয়ে ভারতের অধিনায়ক বলেন, 'এই টেস্টে খেলতে নামার আগে অনেকের অনেক কথাই শুনেছিলাম। প্রশ্ন উঠছিল, কীভাবে আমরা ২০টা উইকেট নেব বুমরাহকে ছাড়া? কীভাবে নিতে পারি সেটা দেখিয়ে দিয়েছি। আসলে এই দলটার ক্ষমতা রয়েছে ২০টা উইকেট। সেটা লর্ডসে হোক বা আহমেদাবাদ। আমরা একই রকম উদ্যম নিয়ে নামবো।'
বোলারদের প্রশংসা করে গিল বলেন, 'অসাধারণ খেলেছে ওরা। ইংল্যান্ডের টপ অর্ডারকে যেভাবে নাস্তানাবুদ করেছি আমরা তা দেখেই বোঝা যাচ্ছে। প্রসিদ্ধ হয়তো খুব বেশি উইকেট পায়নি। কিন্তু অসাধারণ বল করেছে।'