প্লেন ওড়ানোর শখ বহুদিনের। কিন্তু পড়াশোনা করে পাইলট হতে তো অনেক সময় লেগে যাবে। তর সয়নি ১৩ বছরের এক কিশোরের। তাই লুকিয়ে বিমানবন্দরে ঢুকে প্লেন চুরি করে ওড়ানোর চেষ্টা করে সে। এই ঘটনা ঘটেছে পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের হুজহউ শহরে।
জানা যায়, ওই কিশোর বিমান ওড়াতে গেলে তার বিমান বিমানবন্দরের গার্ডরেলের দিকে চলে যায়। তার পর সোজা ধাক্কা। প্রথমবার একটু-আধটু ভুল তো হতেই পারে! তাই অত সহজে হাল ছাড়ার পাত্র নয় সে। ওই বিমান থেকে নেমে পাশের আর একটি ফাঁকা বিমানে চড়ে বসে ওই কিশোর। সেটিকেও চালানোর চেষ্টা করে সে। কিন্তু শেষমেশ পেরে ওঠে না সে।
খবরে বলা হয়েছে, মাঝরাতে শহরের ছোট বিমানবন্দরে সকলের নজর এড়িয়ে ঢুকে পরে ওই কিশোর। এর পর সোজা চলে যায় বিমানবন্দরের এক কোনায় রাখা ছোট বিমানগুলির দিকে। গোটা ঘটনাটি ধরা পড়েছে বিমানবন্দরের সিসিটিভিতে।
রবিবার সেই ভিডিও প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তার পরেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি গার্ডরেলে ধাক্কা দেওয়ায় প্রায় বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে, এই ঘটনায় কিশোরটির ওপর একেবারেই রাগ করেনি বিমানবন্দরের কর্মকর্তারা।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২
তাদের মতে, এই বয়সে নিজে নিজে বিমান চালু করে রানওয়েতে নিয়ে যেতে পারাটা বুদ্ধিমত্তার পরিচয়। এছাড়া বিমানের প্রতি কিশোরটির আকর্ষণ দেখে মুগ্ধ ওই বিমানবন্দর কর্তৃপক্ষ। কিশোরের অভিভাবকরা রাজি হলে কিশোরটিকে বিমান চালানোর প্রশিক্ষণ দিতেও রাজি তারা। তথ্য সূত্র: বিবিসি, গ্লোবাল টাইমস, এনডিটিভি।
ইত্তেফাক/এসআর