১৪ বছরের বৈভবকে দেখতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে এলেন দুই তরুণী

১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে  হৈ-চৈ ফেলে দেন এই ব্যাটার। ১৪ বছর বয়সেই তারকা তকমা জুড়ে গেছে তার নামের পাশে। ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজেও রীতিমতো ঝড় তুলেছেন বৈভব। সেখানেই তার সাক্ষাৎ পেতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে গেলেন দুই তরুণী।

সেই দুই ভক্তের সঙ্গে সাক্ষাতের ছবি নিজেদের সামাজিক মাধ্যমে দিয়েছে বৈভবের আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। ছবিতে দেখা যায়  রাজস্থানের আইপিএল জার্সি পরে আছেন আনায়া ও রিভা নামের দুই তরুণী। নিজেদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাজস্থান রয়্যালস জানায়, ‘কেন আমাদের ভক্তরাই সেরা এটা তার প্রমাণ! ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ওর্কেস্টারে ভ্রমণ। পিঙ্ক জার্সি পরা এবং বৈভব ও ভারতীয় দলের জন্য চিয়ার-আপ দেওয়া।’ 

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ ইংল্যান্ডের ওর্কেস্টারশায়ার শহরে খেলেছে ভারতীয় ‍যুবারা। ফলে সেখানেই অবস্থান করছিলেন বৈভবও। ভক্তরাও তাকে একনজর দেখতে ছুটে গিয়েছেন ওই শহরে। আনায়া ও রিভা দুজনেই বৈভবের বয়সী, তাদের সঙ্গে সাক্ষাৎ করার মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে বলে ভারতীয় এই ব্যাটার নিজেও জানিয়েছেন। উল্লেখ্য, ভারতীয় ‍যুবারা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংলিশদের।

ব্যাট হাতে বৈভব নিজেও দারুণ সময় কাটাচ্ছেন ইংল্যান্ডে। সদ্য সমাপ্ত যুব ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫ ম্যাচে ১৭৪.০২ স্ট্রাইকরেট এবং ৭১ গড়ে তিনি ৩৫৫ রান করেছেন। যুব ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ার পথে ১৪ বছর বয়সী এই ব্যাটার ৫২ বলে ১৪৩ রানের একটি ইনিংস খেলেছেন।