হাল ছাড়ছে না জার্মানি

মার্কিন প্যাট্রিয়ট ইউক্রেনকে দিতে চান ম্যার্ৎস

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ইউক্রেনের জন্য তিনি মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য প্রস্তুত। খবর ডয়চে ভেলের। 

রোমে ইউক্রেন রিকভারি কনফারেন্সে ফ্রিডরিশ ম্যার্ৎস বৃহস্পতিবার (১০ জুলাই) বলেন, আমরা ইউক্রেনকে এই এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি আছি।  

জার্মানির চ্যান্সেলর বলেছেন, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। সেখানে তিনি ট্রাম্পকে আরও প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার অনুরোধ করেছেন। 

ম্যার্ৎস বলেছেন, কিছু এয়ার ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রের দরকার। তবে তাদের কাছে প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম আছে। তারা দেবে কিনা তা এখনো ঠিক হয়নি। বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র তিনটি প্যাট্রিয়ট ব্যাটারি দিয়েছিল। জার্মানি, তাদের কাছ থেকে প্যাট্রিয়ট কিনে ইউক্রেনকে দিতে প্রস্তুত। 

প্যাট্রিয়ট হলো বিশ্বের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যা যুদ্ধবিমান, ব্যালেস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল চিহ্নিত করে ধ্বংস করার ক্ষমতা রাখে। 

জার্মান সেনাবাহিনীর মতে, এই সিস্টেম ৬৮ কিলোমিটার এলাকাজুড়ে কাজ করতে পারে। রাডার একসঙ্গে ৫০টি টার্গেট চিহ্নিত করতে পারে, পাঁচটিকে সঙ্গে সঙ্গে ধ্বংস করতে পারে। মিসাইলগুলো ২৪ কিলোমিটার উঁচুতে গিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে। তারা ১৬০ কিলোমিটার দূরে গিয়েও এই কাজ করতে পারে। 

ক্রেমলিন ও ট্রাম্পকে বার্তা

ম্যার্ৎস জানিয়েছেন, ইউক্রেনকে আরও বেশি করে সাহায্য করা দরকার। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমার দুইটি বার্তা আছে। একটি মস্কোতে প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিনকে। এই বার্তা খুবই সহজ, আমরা হাল ছাড়ছি না। আর দ্বিতীয় বার্তাটা ওয়াশিটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। সেটা হলো, আমাদের সঙ্গে থাকুন। ইউরোপের সঙ্গে থাকুন।