ট্রান্সফরমারের কাজ শেষ না হতেই হঠাৎ চালু সংযোগ, বিদুৎকর্মীর মৃত্যু

বরগুনার আমতলীতে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার মেরামতের কাজ করতে গিয়ে বায়েজিদ হোসেন আকাশ (৩২) নামে এক পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে আমতলীর কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত আকাশ বরিশাল বিমান বন্দর থানার তহুতপুর গ্রামের বাকের হোসেনের ছেলে এবং আমতলী পল্লী বিদ্যুতে বিভাগের কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের কর্মী বায়েজিদ তার সহকর্মী রিফাতের কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামের বিদ্যুৎ সংযোগের পুরাতন একটি ট্রান্সফরমার পরিবর্তনের জন্য খুঁটিতে উঠে কাজ করছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কাজ শেষ হওয়ার আগেই বিকাল ৫টায় বিদুৎ বিভাগের লোকজন বিদ্যুৎ সংযোগ চালু করে দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন আকাশ।পরে সঙ্গে থাকা সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লী বিদ্যুৎ আমতলী কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো. খুরশিদ আলম বলেন, কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি তদন্ত করা হবে।

পল্লীবিদ্যুৎ পটুয়াখালী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম বলেন, বায়েজিদের মৃত্যুতে কারো কোনো গাফেলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কারো কোনো গাফেলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।