পিএসটিসির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলার আহ্বান

নারীর প্রতি সকল প্রকার সহিংসতাকে ‘না’ বলে সত্যিকারের পুরুষ হওয়ার আহ্বান জানিয়েছেন সুধীজন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পক্ষকালব্যাপী প্রচারাভিযানে পপুলেশন সার্ভিসেস এ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) পক্ষে এ আহ্বান জানান তারা। প্রচারাভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে পিএসটিসি এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মাল্টি সেক্টরাল প্রজেক্ট ডিরেক্টর ড. আবুল হোসেন জানান, সরকার নারীর প্রতি সহিংসতা রোধে অনেক কাজ করছে। তিনি জানান, ১০৯ টোল ফ্রি নাম্বরে ফোন করে এবং গুগল থেকে ‘জয়’ অ্যাপ ডাউনলোড করে নির্যাতনেন ঘটনা ঘটলে যে কোনো সময় নারী সেবা পেতে পারেন।

পিএসটিসির নির্বাহী পরিচালক. নূর মোহাম্মদ বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। তারপরও দেশের ৭০ শতাংশ নারী নির্যাতনের শিকার। অনেক শিশু বিয়ের দরুন শিশুই জন্ম দিচ্ছে শিশু। এই অবস্থায় ‘কোনো প্রাণের প্রতি সহিংসতা নয়, নারী -পুরুষ সবাইকে প্রাণবন্ত থাকার আহ্বান জানিয়েছে পিএসটিসি। চিত্র নায়ক ফেরদৌস তার জীবনে সকল পর্যায়ে নারীর অবদান শিকার করে নারীর প্রতি সহিংসতা রোধে সংহতি প্রকাশ করেন। কণ্ঠ শিল্পী ফাহমিদা নবী, অভিনয় শিল্পী সুমাইয়া শিমু সহিংসতা রোধে নারীকে প্রতিবাদ করা ও সচেতন হওয়ার আহ্বান জানান।

দুই বার এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এম এ মুহিত মাকে সবচেয়ে কাছের বন্ধু উল্লেখ করে ছেলেবেলা থেকে নারীকে সম্মান করা এবং সহিংসতা না করার মানসিকতা তৈরির উপর জোর দেন। অনুষ্ঠানে ‘জলের গান’ সংগীত দল ও শিল্পী ফাহমিদা নবী সংগীত পরিবেশন করেন।