নিউ ইয়র্কে টেক্সটাইল ও পোশাকের প্রদর্শনীতে অংশ নিয়েছে ৬ বাংলাদেশি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত ২২ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের টেক্সটাইল, পোশাক ও হোমটেক্সটাইলের তিনটি প্রদর্শনী গতকাল বুধবার শেষ হয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশসহ ২০টি দেশের প্রায় সাড়ে ৮০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।  বাংলাদেশের ৬টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো—আশা টেক্সটাইল, এইচ আই অ্যাপারেল, ফারসি ইং নিট কম্পোজিট, ম্যাম বাংলাদেশ, রেজা ফ্যাশন ও সিকো টেক্স ফেব্রিক্স। যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল প্রদর্শনী নয়, বরং ব্যবসায়ের একটি প্ল্যাটফরমও। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৫ হাজারের বেশি পোশাক, টেক্সটাইলের ক্রেতা ও দর্শনার্থীর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের স্টলগুলোতে অতীতের চাইতে বেশি উপস্থিত হয়েছেন এবং টেক্সটাইল ও পোশাকের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। আগামী বছরের জানুয়ারিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অ্যাপারেল সোর্সিং প্যারিস এবং আগামী সেপ্টেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে আফ্রিকান সোর্সিং অ্যান্ড ফ্যাশনউইক।  —প্রেস বিজ্ঞপ্তি