বাজেট ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তায় ইইউর অনুদান

বাংলাদেশের দুটি কর্মসূচিতে ১৪ কোটি ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে ১ কোটি ইউরো খরচ হবে সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং ১৩ কোটি ২০ লাখ ইউরো ব্যয় হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এ লক্ষ্যে সরকারের সঙ্গে চুক্তি সই হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জি তেরিং। উভয় কর্মসূচি চলতি অর্থবছর থেকে ২০২৩ মেয়াদে বাস্তবায়িত হবে। ইআরডির সচিব বলেন, বাংলাদেশ সরকার সবসময় সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও জাতীয় সামাজিক নিরাপত্তা খাতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি সমর্থনকে স্বীকার করে। আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরো শক্তিশালী করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে বদ্ধপরিকর। রেঞ্জি তেরিংক বলেন, সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে এ খাতগুলো অগ্রাধিকার হিসেবে বিবেচিত। ইইউ সহায়তা এক্ষেত্রে সিস্টেম শক্তিশালীকরণ ও নীতি উন্নয়নে ভূমিকা রাখবে।