লর্ডস টেস্টের শেষ দিন আজ। ইংল্যান্ড অথবা ভারত দুই দলেরই জয়ের সমান সুযোগ রয়েছে। জয়ের জন্য ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। এমন পরিস্থিতিতে আম্পায়ার পল রাইফেলের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বাবার উক্তি টেনে অশ্বিন জানিয়েছেন রাইফেল থাকলে ভারত জিতবে না।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে মাঠে আম্পায়ারিং করছেন অস্ট্রেলিয়ার রাইফেল ও বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। গত চার দিন ধরে ম্যাচটিতে আম্পায়ারদের সিদ্ধান্ত বেশ কয়েকবার আলোচিত হয়েছে।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে মাঠে আম্পায়ারিং করছেন অস্ট্রেলিয়ার রাইফেল ও বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। গত চার দিন ধরে ম্যাচটিতে আম্পায়ারদের সিদ্ধান্ত বেশ কয়েকবার আলোচিত হয়েছে।
আম্পায়ার রাইফেল ঠিকঠাক সিদ্ধান্ত দিলে রুটের ইনিংস আরও ছোট হতো বলে মনে করেন অশ্বিন। পেসার মোহাম্মদ সিরাজের বলে রুটের বিরুদ্ধে আবেদন করেছিল ভারত। রাইফেল নটআউট দেওয়ায় পরে ডিআরএসে ‘আম্পায়ার্স কল’ বহাল থেকে যায়। এ বিষয়ে অশ্বিন বলেন, ‘পল রাইফেলের বিষয়ে যদি বলি ...। আমি বলবো না যে তুমি এটা আউট দাও। এটা মূল কথা নয়। কথা হচ্ছে, ভারত যখন বোলিং করে, তিনি মনে করেন এটা নটআউট। আর ভারত যখন ব্যাটিং করে, তিনি মনে করেন এটা আউট। এটা যদি শুধু ভারতের বিপক্ষে না হয়ে অন্য দেশের বিপক্ষেও হয়, তাহলে আইসিসির বিষয়টাতে নজর দেওয়া উচিত।’
রাইফেলের আরেকটি সিদ্ধান্ত নিয়েও অশ্বিন ক্ষুব্ধ। ব্রাইডন কার্সের বলে শুভমান গিলকে আউট দিয়েছিলেন রাইফেল। কিন্তু ডিআরএসে দেখা যায় ব্যাট আর বলের মধ্যে বড় ফাঁক ছিল। এ নিয়ে অশ্বিন বলেন, ‘আমার একটা সেডন কার আছে। ওই ব্যাট-বলের গ্যাপের ভেতরে গাড়িটা পার্ক করা যাবে। এটা পরিষ্কার নটআউট ছিল (কিন্তু তিনি আউট দিয়েছেন)। তবে এটাই কিন্তু প্রথম ঘটনা নয়। আমার বাবা আমার পাশে বসে খেলে দেখছিলেন। তিনি আমাকে বললেন ‘‘পল রাইফেল থাকলে আমরা জিতবো না’’।’
শুধু অশ্বিন নন, রাইফেলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলেও। ধারাভাষ্যে তিনি বলেন, ‘মনে হচ্ছে, পল রাইফেল সিদ্ধান্ত নিয়েই রেখেছেন (ভারতের বোলিংয়ে) আউট হবে না। কাছাকাছি কিছু হলেও নটআউট।’