গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ২ একর জায়গায় চৌম্বক মুদ্রণ কালি (এমআইসিআর) চেক বুক মুদ্রণের জন্য নেটওয়ার্ল্ড ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট টেকনোপলিস লিমিটেড নেটওয়ার্ল্ড হোল্ডিংসকে প্রয়োজনীয় সব অবকাঠামোসেবা সরবরাহ করবে।
নেটওয়ার্ল্ড হোল্ডিংস, সামিট টেকনোপলিসে প্রথম ধাপে ১ মিলিয়ন মার্কিন ডলার এবং এরপর থেকে ধাপে ধাপে ১০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করার পরিকল্পনা আছে। প্ল্যান্টটি ২০২০ সালের প্রথমার্ধে কার্যক্রম শুরু করবে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ?মেদ পলকের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান ফরিদ খান, পরিচালক ফাদিয়া খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, সামিট টেকনোপলিস সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) কালিয়াকৈরের গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটির ৯১ একর জায়গায় তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি সংবলিত সেবাসমূহ (আইটিইএস), দূষণমূক্ত ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি লাইন এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়নে কাজ করছে। সামিট টেকনোপলিস এই ৯১ একর জায়গার নকশা, নির্মাণ, অর্থায়ন, সরকারের কাছে নিজস্ব পরিচালনা স্থানান্তরের শর্তের অধীনে ৬০ বছরের জন্য ইজারা পেয়েছে।
অন্যদিকে, নেটওয়ার্ল্ড হোল্ডিংস লিমিটেড, নেটওয়ার্ল্ড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা ব্যাংকিং ইন্ডাস্ট্রি ও অন্যান্য খাতে আইসিটি প্রোডাক্ট সরবরাহ ও সেবা প্রদান করে যাচ্ছে। নেটওয়ার্ল্ড গ্রুপ ২০০৮ সাল থেকে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ এটিএম ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে যাচ্ছে। এটি বাংলাদেশে এটিএমের জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এনসিআরের প্রতিনিধিত্ব করছে।