টাকাকে ডলারে রূপান্তরের নামে অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে র্যাব। তারা হলো— চিকামেন রড্রিগো, ডংমেজা এন গুগনি ও আলেকজেন্ডার মাফেজা। তারা সবাই ক্যামেরুনের নাগরিক। মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ধানমন্ডি ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে টাকা রূপান্তরের কথিত মেশিনসহ প্রতারণার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গতকাল দুপুরে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার প্রতারক চক্র বলে জানা যায়। তারা প্রতারণার জন্যই ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছে। চক্রটি অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রথম শ্রেণির ব্যবসায়ীদের টার্গেট করে সখ্যতা গড়ে তোলে। পরে সেই ব্যবসায়ীর অফিসে গিয়ে নিজেদের ক্যামেরুনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা অংশীদার হিসেবে পরিচয় দেয়। একপর্যায়ে টার্গেটকৃত ব্যবসায়ী তাদের ফাঁদে পা দিয়ে ব্যবসা করতে রাজি হলে তাদের সঙ্গে ব্যবসার চুক্তি করে এই প্রতারণা করে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।