ইসির সঙ্গে বৈঠক

ইভিএম সম্পর্কে জানতে চেয়েছে এনডিআই

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই)। সংস্থাটি বাংলাদেশের আগামী ১১তম জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন পূর্ববর্তী মূল্যায়নে এমনটাই উল্লেখ করেছে। আর গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে কমিশনের অবস্থান জানতে চেয়েছে। সেই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ সম্পর্কেও ইসি থেকে অবগত হয়েছে এনডিআই। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, গতকাল বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে এনডিআই প্রতিনিধিরা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদার নেতৃত্বে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া এনডিআইয়ের ৭ সদস্যের প্রতিনিধি দলে এশিয়া বিষয়ক প্রোগ্রাম অফিসার মেইভি হিলান-হুউস্ট, সিনিয়র ইলেকশন অ্যাডভাইজার নিল নেভিটি, ডিরেক্টর অব পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম আইভান ডোহেরথি, ডেন্ডার ওমেন অ্যান্ড ডেমোক্রেসি বিষয়ক ডিরেক্টর স্যানড্রা পিপিরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মার্কিন দূতাবাসের সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষে এনডিআই ১২টি দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করবে।