যারা পদ্মা সেতু চায়নি তারাই ছেলেধরা গুজবের হোতা —তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু যারা চায়নি এবং যারা দেশের উন্নয়ন চায় না তারাই ছেলেধরা গুজবের মূল হোতা। গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরো বলেন, যারা ছেলেধরা গুজবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে। অনেকের রাজনৈতিক পরিচয় জানা গেছে।

তথ্যমন্ত্রী বলেন, যারা গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে এবং আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের দলীয়ভাবে প্রতিরোধ করতে সারাদেশের দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন পর্যন্ত ছেলেধরার একটি ঘটনাও সত্য নয়। যারা এ গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ মারছে, এগুলো সব হত্যাকাণ্ড। জড়িত সবাই হত্যা মামলার আসামি। এভাবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক-কর্মচারীদের জন্য গঠিত নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়নের বিষয়টি আজ বৃহস্পতিবার মন্ত্রিসভা কমিটির সভায় চূড়ান্ত হবে। তিনি বলেন, ঘোষণার কতগুলো সরকারি বিধিবিধান মানতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর সেটি মন্ত্রিসভায় পাঠাতে হবে। বৃহস্পতিবারই সেটি চূড়ান্ত করতে পারব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আহ্বায়ক করে গত ২১ জানুয়ারি মন্ত্রিসভায় নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়।