কোটালিপাড়া-গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ, যান চলাচল বন্ধ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে কোটালিপাড়া-গোপালগঞ্জ সড়কের বেশ কয়েকটি জায়গায় গাছ কেটে ফেলে এ অবরোধ করা হয়। এতে সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়েছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সড়ক উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে।

এর আগে বুধবার সকালে উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়ায় সড়কে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।

তারা হলেন, সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও  মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করছে এক যুবক। হামলার পর এক পুলিশ সদস্যকে দৌঁড়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। লাঠি হাতে থাকা যুবকরা গাড়ি ভাঙচুর করতে করতে বলতে থাকেন, ‘আমরা এখনও রাজপথে আছি। এই গাড়ি (পুলিশ ভ্যান) ভেঙে ফেল, আগুন ধরা।’

উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের কিছু সময় পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় ইউএনও গাড়িচালক আহতের খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে তারা।

প্রসঙ্গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করবে এনসিপি।