জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-২৪ স্মৃতি’ নামে সড়ক উদ্বোধন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী হতে ভিসি চত্ত্বর পর্যন্ত সড়কটিকে ‘জুলাই-২৪ স্মৃতি’ নামে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সড়কটি উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জুলাই স্মৃতিকে ধরে রাখার জন্য ‘জুলাই ২৪ স্মৃতি সড়ক’ কেবল একটি নেমপ্লেট নয়, আমাদের চেতনার প্রতীক। এটি আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও ঐক্যের এক দৃঢ় স্মারক। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ‘জুলাই স্মৃতি’ শুধু স্মরণেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর অনুপ্রেরণায় স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই হবে দেশের রোল মডেল।এক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘বাঙালি এমন একটা জাতি তাঁরা ইতিহাস রচনা করতে পারে। এই জাতি পৃথিবীর ইতিহাসে অনন্য যারা শুধু ভাষার জন্য ১৯৫২ সালে শহীদ হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি যেমন আমাদের ইতিহাসে শহীদ দিবস একইভাবে ১৬ জুলাইও শহীদ দিবস।’

এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. শামছুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, গত বছর ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের এ স্থানটিতেই দেশে প্রথম ছাত্রলীগ ও পুলিশী হামলার শিকার হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় সেই রাতেই জাবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়।