গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সংস্কারসহ তিন দফা দাবি পেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবিগুলো হলো- ১. অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করতে হবে। ২. পুলিশ সংস্কার করতে হবে। স্বৈরাচারী হাসিনার গোপালি পুলিশ এখনো ছাত্রদের দিকে বন্দুক তাক করছে, গোটা পুলিশি ব্যবস্থাকে তাই ঢেলে সাজাতে হবে এবং ৩. গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে ২৪ ঘণ্টার মধ্যে সাঁড়াশি অভিযান চালাতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সমানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রশীদ।
রিফাত রশীদ বলেন, আজকে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও আওয়ামী লীগ দ্বারা এমন হামলার ঘটনা দুঃখজনক। গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে নির্বাচনে নৌকা মার্কা প্রতীক থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে হাজারো মানুষের রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঠিকানা বাংলাদেশে হবে না। গণঅভ্যুত্থানে এতবড় গণহত্যা চালানোর পরে আওয়ামী লীগ ও তার নৌকা প্রতীক ব্যালটে থাকতে পারবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা ফেসবুক, টিকটকে গেলেই স্বরাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন রিলস দেখতে পাই। কিন্তু যখন জুলাইয়ের সম্মুখ যোদ্ধাদের ওপর আক্রমণ করা হয়, জুলাই নেতৃবৃন্দের ওপর আক্রমণ করা হয়, তখন তার পুলিশ বন্দুক তাক না করে দাঁড়িয়ে থাকে। সারা দেশে ব্লকেড করে অ্যাকশন নিতে বাধ্য করতে হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা কী ব্রেইন নেই? কেন কর্মসূচি দিয়ে বাধ্য করতে হয়।
এ সময় তিনি সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশে তিন দফা দাবি তুলে ধরেন।