ইতিহাসের সেরা দল নিয়ে বিশ্বকাপ মিশনে গিয়েও অতীতকে ছাড়িয়ে যাওয়ার আশা পূরণ হয়নি। আগের তিন আসরের মতো ২০১৯ বিশ্বকাপেও সর্বসাকুল্যে তিনটি জয় পেয়েছে বাংলাদেশ দল। মাশরাফি বিন মুর্তজার দল বিশ্বকাপ শেষ করেছে অষ্টম স্থানে। তারপরও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, টাইগারদের বিশ্বকাপ মিশন সফলই ছিল। তার মতে, ভাগ্যও সহায় ছিল না বাংলাদেশের।
এদিকে নতুন হেড কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। তবে এবার সময় নিয়ে কোচ বাছাই করবে বিসিবি। আগামী ২৭ জুলাই বোলিং কোচের নাম ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন সফল নাকি ব্যর্থ জানতে চাইলে গতকাল বেক্সিমকো কার্যালয়ে পাপন বলেছেন, ‘আমি মনে করি দল ভালো খেলেছে। সফল, আমিও সেটাই বললাম। শ্রীলঙ্কার সঙ্গে আমরা হারতেও পারতাম। বলছি না যে আমরা খেললে জিতে জেতাম। কিন্তু যদি বৃষ্টি না হতো দেশের সকলেই বিশ্বাস করে যে, আমরা জিততাম। আমিও বিশ্বাস করি যে, আমরা জিততাম। জিতলে আমরা ছয়ে থাকতাম।’
ভাগ্য মাশরাফিদের পক্ষে ছিল না বলে মনে করেন বিসিবি সভাপতি। গতকাল তিনি বলেছেন, ‘আমি অবশ্যই মনে করি প্রথম ম্যাচ আমরা ভালো খেলেছি, দ্বিতীয় ম্যাচটাও আমাদের জেতা ম্যাচ। কিন্তু ভাগ্য অনেক বড় একটা ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখবেন ৯টা ম্যাচের মধ্যে ৮টা ম্যাচেই টস হেরে গেলাম। এখানে ভাগ্যের একটা ব্যাপার আছে, ২০০৭ এ ১৫০ গতিতে বল করত কয়জন বোলার? ওরা যে ১৫০ গতির বলের বিপক্ষে ৩০০ রান করেছে সেটাই তো অনেক বড় ব্যাপার।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুশফিকের রানআউট মিস, ভারতের সঙ্গে তামিমের ক্যাচ ফেলার মতো বড় ভুলের কথাও উল্লেখ করেছেন পাপন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার সাথে আমরা ভালো করেছি, নিউজিল্যান্ডের সঙ্গে কপাল খারাপ। মুশফিকের মতো উইকেটরক্ষকের হাতে বেলস পড়ে যায়? তা না হলে ওই ম্যাচ আমরা জিততাম না? সবাই মনে করে জিততাম, আসলে জিততাম কি না জানি না। সবাই মনে করে আমরা জিততাম, মুশফিকের রান আউটটাও দুর্ভাগ্য। ওর নিজের রান আউটটা না হলে আরো কিছু রান হতো।’
ওয়েস্ট ইন্ডিজ, আফগানদের বিরুদ্ধে জয়, অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ে দলকে বাহবা দিয়েছেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি বলব সুপার উইন। আমরা জিতেছি, খুব ভালো করেছি, আফগানিস্তানের সাথে জিতেছি। অস্ট্রেলিয়ার সাথে ৩৩৩ করেছি, এতো রান করতে গেলে তো ১০০-১৫০তে অল আউট হয়ে যাওয়ার কথা। এইযে ৩৩৩ করেছি অনেক বড় অর্জন। ভারতের সাথে আপনি চিন্তা করেন ওই ক্যাচ যদি মিস না হতো, ধরে ফেলত তামিম। সব বদলে যেত।’ তবে পাকিস্তানের বিরুদ্ধে দলের পারফরম্যান্স ভালো লাগেনি বিসিবি সভাপতির।
জাতীয় দলের জন্য হেড কোচ, পেস বোলিং কোচ ও ফিজিও খুঁজছে বিসিবি। গতকাল পাপন বলেছেন, ‘আমাদের কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। হেড কোচ, ফাস্ট বোলিং কোচ দেখছি, আবার ফিজিও আছে। আমরা এবার ঠাণ্ডা মাথায় বুঝেশুনে কোচ নিতে চাচ্ছি। শুধু নাম দেখে না। কিংবা শুধু বিগত অভিজ্ঞতা দেখে না।’
নতুন বোলিং কোচের নামটা ২৭ জুলাই বোর্ড সভায় চূড়ান্ত হতে পারে। বিসিবি সভাপতি বলেছেন, ‘বোলিং কোচ আসছে। মোটামুটি আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। ২৭ তারিখ বোর্ড মিটিংয়ে ফাইনাল সিদ্ধান্ত সেখানেই নেয়ার চেষ্টা করব।’