জয়ের ধারা ধরে রাখতে চান সুজন

এমনিতেই অনুশীলন ম্যাচে জয়টা খুব বড় কোনো ব্যাপার নয়। কিন্তু শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে পাওয়া জয়টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলছেন, জয়টা একটা অভ্যাসের ব্যাপার। আর এই অভ্যাসটা আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ধরে রাখতে চান তিনি।

অনুশীলন ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো ঠান্ডায় ইংল্যান্ড থেকে এসে কলম্বোর গরমে মানিয়ে নেওয়া। সুজন বলছেন, সেই চ্যালেঞ্জটা ভালোভাবে পার করেছেন ক্রিকেটাররা, ‘জয় একটা অভ্যাসের ব্যাপার। কালকের জয়টা আমাদের জন্য অবশ্যই ভালো হয়েছে। ইংল্যান্ডের মতো কন্ডিশন থেকে এসে এখানকার গরমে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জ ছিলো। সেটা ছেলেরা ভালো মানিয়ে নিতে পেরেছে। আমরা ২৭৮ খুব সহজে চেজ করেছি। এই জয়টা ভালো হয়েছে। প্রথম ম্যাচের আগে এটা দরকার ছিলো।’ এর মধ্যে দলে যোগ হয়েছেন ফাস্ট বোলার শফিউল ইসলাম। তাকে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে সুজন বলছিলেন, ‘ফাস্ট বোলিং নিয়ে চিন্তিত, তা ঠিক না। তবে এখানে অনেক গরম। আর প্রথম দুটো ম্যাচ খুব কাছাকাছি—২৬ ও ২৮ তারিখ। ফলে বোলাররা ক্লান্ত হয়ে পড়তে পারে। আর আমাদের দলে একটা জায়গাও ফাঁকা ছিলো। আমরা ১৪ জন নিয়ে এসেছিলাম। আমাদের একটা ফাস্ট বোলার দরকারও ছিলো। তাই শফিউলকে নেওয়া।’

বিকল্প হিসেবে শফিউলের আগে হয়তো রাহির নাম আসতে পারতো। কিন্তু সুজন বলছিলেন, কন্ডিশন ও উইকেট বিবেচনায় শফিউলকে নেওয়া হয়েছে,‘এখানে যে রকম উইকেট, তাতে শফিউল খুব কার্যকর হওয়ার কথা। শফিউলের অভিজ্ঞতাটা কাজে লাগবে। আমাদের ডেথ বোলিং নিয়ে একটা কনসার্ন তো ছিলই। আমরা মনে করেছি, শফিউল যেহেতু বিপিএলে ডেথ বোলিং খুব ভালো করেছে। পরেও সে ভালো করেছে।’

সব মিলিয়ে সুজনের ভাষ্য: দলের ব্যাটিং নিয়ে তাদের খুব একটা দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা বোলিং নিয়ে। আর সেই দুশ্চিন্তাটা কমাতেই শফিউলকে যোগ করা, ‘ব্যাটিং নিয়ে আমাদের তেমন কোনো দুশ্চিন্তা নেই। ছেলেরা ব্যাটিংয়ে ভালো করছে। বিশ্বকাপ থেকেই তারা ভালো করে আসছে। এর মধ্যে বোলিংটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিলো। মাশরাফি নেই, সাকিব  নেই। যারা আছে, তারা সবাই অবশ্যই যোগ্য। কিন্তু আমাদের ফরহাদ রেজাসহ মাত্র চারটা ফাস্ট বোলার ছিলো। তাই শফিউলকে নেওয়া। যদি কোনো ইনজুরি বা এই গরমে কেউ পানিশূন্যতায় ভোগে, সে ক্ষেত্রে আমাদের একজন ফাস্ট বোলার দরকার হবে। তাই সেই সময়ের জন্য অপেক্ষা না করে আগে থেকেই ওকে দলে আনা হলো।’

শফিউল মূল ম্যাচ খেলার সুযোগ পাবেন কি না, সেটা সময় বলবে। তবে সুজন বলছেন, ম্যাচে তাদের একজন পেস বোলিং অপশন হিসেবে সৌম্য থাকছেন। অনুশীলন ম্যাচেও দুই উইকেট নেওয়া সৌম্য সম্পর্কে সুজন বলছিলেন, ‘আমি তো চাই, সৌম্যকে নিয়মিত ব্যবহার করা হোক। ও মাঝের ওভারগুলোতে ভালো বল করার যোগ্যতা রাখে। এটা ক্যাপ্টেনের সিদ্ধান্ত। তবে আমরা ওকে তৈরি রাখছি। ও গতকালকের ম্যাচে (অনুশীলন ম্যাচে)  ভালো করেছে। আশা করি, সুযোগ পেলে ও ভালো করবে।’