শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলো বাংলাদেশ দল

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল অলিখিত ফাইনাল। বুধবার (১৬ জুলাই) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে যেকোনো ফরম্যাটে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সিরিজ জয়ের পরদিনই বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন টাইগাররা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররাও দেশে ফিরেছেন। 

লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না লিটন দাসের দলের। পাকিস্তান সিরিজের জন্য কাল থেকেই প্রস্তুতি শুরু করবে তারা। 

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনধিরা। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।