অবশেষে জিতল ‘এ’ দল

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তারকা সব খেলোয়াড় মাঠে নেমেছিলেন। তারা আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পরাজয় এড়াতে পারেননি। গতকাল তৃতীয় ম্যাচে দলে তারকা অনেক কমে এসেছিলো। আর সেই দলই অবশেষে আফগানিস্তানের বিপক্ষে এনে দিলো ৭ উইকেটের জয়। আগে ব্যাট করা আফগানরা ৩২.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১২২ রান করতে পেরেছিলো। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশি দলের জয়ের ভিতটা গড়ে দেন বোলাররা; বিশেষ করে আবু জায়েদ রাহি। এই ফাস্ট বোলার নিজের ও ম্যাচের দ্বিতীয় বলেই তুলে নেন ইনফর্ম আফগান ওপেনার রাহমাতউল্লাহ গুরবাজের উইকেট। ইনিংসের পঞ্চম ওভারে রাহি ফেরান উসমান গনিকে।

এক প্রান্তে ইব্রাহিম জাদরান পাল্টা আক্রমণ করার চেষ্টা করছিলেন। কিন্তু ইব্রাহিমকেসহ পরপর তিন ওভারে ৩ উইকেট নিয়ে আফগান টপ অর্ডার ধসিয়ে দেন মেহেদী হাসান। তিনি তুলে নেন শহিদুল্লাহ, অধিনায়ক নাসির জামাল ও উসমান গনির উইকেট। এরপর এসে আবু হায়দার রনি ও নাজমুল হাসান অপু একটি করে উইকেট নিয়ে আফগানদের বড়ো স্কোর করার সম্ভাবনা শেষ হয়ে যায়। আর শেষদিকে আবু জায়েদ রাহি তুলে নেন আরো দুই উইকেট। সব মিলিয়ে রাহি ৫.৪ ওভার বল করে ২৮ রানে ৪ উইকেট নেন। সঙ্গে মেহেদী ২৪ রানে ৩ উইকেট নিয়ে ভালো ভূমিকা রাখেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটাও খুব ভালো ছিলো না। মাত্র ২ রান করে ফিরে আসেন ওপেনার নাঈম হাসান। এরপর একটা জুটি করে এগোনোর চেষ্টা করেছিলেন ইমরুল কায়েস ও জাকির হাসান। কিন্তু ১০ রানের ব্যবধানে এই দুজনও ফিরে আসেন। ফলে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এখান থেকেই বাংলাদেশি দলটাকে জয়ের বন্দরে নিয়ে যান ফজলে মাহমুদ রাব্বি। রাব্বি শেষ পর্যন্ত ৭৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে ২১ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন ধ্রুব।