সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারবহির্ভূত ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে টাউন হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচারবহির্ভূতভাবে জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’-এর ঘটনা ঘটছে। ব্যবসা-বাণিজ্যে লুটপাট চলছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন-সম্পদ আজ নিরাপদ নয়।
তারা আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আবারও সক্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন স্থানে অপকর্ম চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ।
বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হচ্ছে। এসব অপচেষ্টা গুপ্ত রাজনৈতিক চক্রান্তের অংশ।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে যুবদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।