১৬ বছর পর আবার চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর দেশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় জানানো হয়, বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান—এই পাঁচটি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় নির্ধারিত হবে ২ ঘণ্টা ৩০ মিনিট।
সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলো থেকে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালু হওয়ায় বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। পিইসি বাতিলের পর আবারও প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের মাসিক ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।