পাকিস্তানে এখনো ৩০-৪০ হাজার জঙ্গি রয়েছে যারা আফগানিস্তান ও কাশ্মীরের কিছু অংশে প্রশিক্ষণ নিয়েছে। মার্কিন সফরে গিয়ে মঙ্গলবার এক সাক্ষাত্কারে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে পাকিস্তানের এ পরিস্থিতির জন্য আগের সরকারগুলোকেই দায়ী করলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো রকম আগ্রহ-ই দেখায়নি আগের সরকার। এ ব্যাপারে তাদের কোনো রাজনৈতিক সদিচ্ছাও ছিল না।’ পাশাপাশি তিনি এটাও জানান, আগের সরকার যে কাজ করেছে, তার পুনরাবৃত্তি হতে দেবে না তার সরকার। সন্ত্রাস দমনে তার সরকার অনেক বেশি উদ্যোগী বলেও দাবি করেন ইমরান।
এর আগে ইমরান বলেছিলেন, ১৫ বছর ধরে পাকিস্তানে সক্রিয় ছিল ৪০টি জঙ্গি সংগঠন। কিন্তু এই তথ্য বারবারই আমেরিকার কাছে গোপন করেছে পূর্ববর্তী সরকারগুলো। এর পরই তার সাফাই, পাকিস্তানেরও সে সময় কিছু করার ছিল না। কেননা গোটা পরিস্থিতি পাক সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
ইমরান বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকা যে যুদ্ধের ডাক দিয়েছিল তাতে অংশ নিয়েছিল পাকিস্তান। তবে ৯/১১-র ঘটনায় পাকিস্তানের কোনো যোগ ছিল না।’ এর পরই তার মন্তব্য, সে সময় পাকিস্তানই দেশের ভেতরের সন্ত্রাসবাদ থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছিল। কিন্তু তার পরেও আমেরিকার সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে তারা।
পূর্বসূরিরা যে ভুল করে গিয়েছেন, সে ভুল আর করতে চান না বলেও ইঙ্গিত দেন ইমরান। তার দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে জোরকদমে চেষ্টা চালাচ্ছে। তালেবানদের আলোচনার টেবিলে নিয়ে আসার কাজ শুরু করেছে তারা। ভালো সাড়াও মিলেছে। তবে বিষয়টা খুব সহজেই মিটবে বলে মনে করছেন না ইমরান।