আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগকে হটানো যাবে না জেনে কুচক্রী মহল ছেলে ধরা আতঙ্ক ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পাঁয়তারা করছে। এই পরিস্থিতি উত্তরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে প্রিয়া সাহার বক্তব্য ড. কামাল হোসেন গংদের প্ররোচণায় কি না তা খতিয়ে দেখতে হবে। নির্বাচনী মাঠে হেরে গিয়ে, আন্দোলন করে আওয়ামী লীগকে হটানো যাবে জেনে তারা এই চক্রান্ত শুরু করেছে।
গতকাল বুধবার মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকায় পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুপুর ১২টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, দুপুর ২টায় কাজিপুর আরডি হাইস্কুল মাঠে কারিতাস রাজশাহী অঞ্চলের ত্রাণ বিতরণ এবং বেলা ৩টায় সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নে নাপিত, কামার, কুমারসহ অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে সরকারের ভাতা প্রদান কার্ড ও অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে তিনি সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ মহল্লায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, অসুস্থ্য বাবু ইসলামকে দেখতে যান এবং তার চিকিত্সার খোঁজখবর নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনসহ ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।