হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের আয়োজন নিয়ে তোড়জোড় চলছে ক্রীড়াঙ্গনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া আগামী বছর এই উত্সবের শুরুটা হবে ক্রিকেট দিয়ে। সেই লক্ষ্যে আগামী বছর ঢাকায় এশিয়ান স্টারস ও রেস্ট অব দ্য ওয়ার্ল্ড স্টারস নামে (এশিয়া একাদশ-বিশ্ব একাদশ) দুটি দল খেলবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অনুষ্ঠিত হবে দুটি টি-২০ ম্যাচ। গেল সপ্তাহে লন্ডনে হয়ে যাওয়া আইসিসির বোর্ডসভায় ম্যাচ দুটির আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, আন্তর্জাতিক টি-২০র মর্যাদাসম্পন্ন ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২১ মার্চের মধ্যে। দুই দলের হয়ে বর্তমান সময়ে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড়ো তারকা ক্রিকেটাররা অংশ নেবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আগামী বছর ১৭ মার্চ। এই উপলক্ষে আয়োজিত উত্সবকে আন্তর্জাতিক মর্যাদা এনে দেবে এশিয়ান স্টারস ও রেস্ট অব দ্য ওয়ার্ল্ড স্টারসের মধ্যকার টি-২০ ম্যাচ। যদিও আইসিসির বোর্ডসভায় ম্যাচগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সহজ ছিল না। কারণ সাধারণত আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পেতে হলে একটি দেশের অংশগ্রহণ প্রয়োজন হয়। কিন্তু এই ম্যাচে কোনো দেশের প্রতিনিধিত্ব থাকছে না। শুধু বিশ্বনেতা বঙ্গবন্ধু ও বাংলাদেশের কথা বিবেচনা করে ‘বিশেষ’ ব্যবস্থায় ম্যাচগুলোকে আন্তর্জাতিক মর্যাদা দিচ্ছে আইসিসি। নাজমুল হাসান পাপন বলেন, ‘বোর্ডে এটা নিয়ে বিশদ আলোচনা করা হয়। কিন্তু সব শোনার পরে সব বোর্ড মেম্বার আমাদের সমর্থন দিয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ম্যাচ আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে। মানে আন্তর্জাতিক টি-২০ স্ট্যাটাস পাবে।’
তবে দুই দলের হয়ে তারকা ক্রিকেটারদের কারা কারা খেলবেন, সেটি এখনো নিশ্চিত হয়নি। সংশ্লিষ্ট বোর্ড, ক্রিকেটারদের সঙ্গে এখনো আলোচনা শুরু করেনি বিসিবি। তবে ক্রিকেটারদের উপস্থিতির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই দেশগুলোর আন্তর্জাতিক সিরিজ ভূমিকা রাখবে। এশিয়ান স্টারস দলের হয়ে দেখা যাবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের তারকা ক্রিকেটারদের।
বিসিবি সভাপতি আরো বলেন, ‘অতীতে কত নামিদামি ক্রিকেটার ছিল, ঐগুলোর দিকে আমরা যাচ্ছি না। বর্তমান প্লেয়ার কারা, আমরা তাদের নিয়েই করতে চাচ্ছি। সত্যিকার অর্থেই এটা একটা উপভোগ্য সিরিজ হবে। আর আন্তর্জাতিক মর্যাদা পাওয়াতে প্রত্যেকেই সিরিয়াস হবেন।’