যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বুলেভার্ডে ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠে গেলে কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগ জানিয়েছে, সাত জন গুরুতর আহত হয়েছেন এবং ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৯ জুলাই) কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে স্থানীয় সময় ২টায় নর্থ ভার্মন্ট অ্যাভিনিউতে একটি নাইটক্লাবের কাছে ঘটে ঘটনাটি ঘটেছে। এলাকাটি নাইটলাইফের জন্য বিখ্যাত।
ফায়ার বিভাগের ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন বলেন, একজন রোগীর শরীরে গুলিও লেগেছে। প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। এটি তদন্তাধীন।
ক্যাপ্টেন ভ্যানগার্পেন আরও বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিটি চালক হতে পারে। তবে আমরা এখনো এটি নিশ্চিত নই।
ঘটনাস্থলের ছবিতে ফুটপাতে ধূসর রঙের একটি গাড়ি দেখা যাচ্ছে, মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পুলিশ বাহিনী সেখানে উপস্থিত রয়েছে। গাড়িটি কেন ভিড়ের মধ্যে উঠে গেল, তা বর্তমানে স্পষ্ট নয়।
ঘটনাস্থল থেকে ক্যাপ্টেন ভ্যানগার্পেন সাংবাদিকদের বলেন, হতাহতদের সকলকে হাসপাতাল অথবা ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ভিড়ের মধ্যে বেশিরভাগই নারী ছিলেন, যারা নাইটক্লাবে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।