বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় হামলা চালানোর বিষয়ে ইরানের পক্ষ থেকে করা দাবি সত্য নয় বলে পাল্টা দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শুক্রবার ইরানের হামলায় বাহরাইনের সেনাঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বাহরাইনের ঘাঁটি লক্ষ্য করে সেদিন দু’টি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। মার্কিন যোদ্ধারা সেগুলো আকাশে থাকতেই আটকে দিয়ে ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’
শুক্রবার ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে যে এদিন ভোরে তারা ড্রোন হামলা চালিয়ে বাহরাইনের মার্কিন ঘাঁটির রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে।
বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে আরও বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে তারা বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার ব্যবস্থায় হামলা করেছে। এই হামলার মাধ্যমে মার্কিন বাহিনীকে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ইরানি রেভল্যুশনারি গার্ড।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার হোয়াইট হাউস প্রতিনিধি অ্যালান ফিশার শুক্রবার ওয়াশিংটন ডিসি থেকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইরান- কারো দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু এবং তারপর প্রায় ৬ মাস সামরিক সংঘাতের পর ২৪ আগস্ট থেকে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পর প্রতিবেশী মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা বন্ধ করে ইরানও।
পরস্পরকে লক্ষ্য করে হামলা বন্ধের ২ মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর শুক্রবার বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে আইআরজিসি।
সূত্র: আলজাজিরা
