হাইকোর্ট বলেছে, আমাদের প্রয়োজন বিশুদ্ধ পানি। আমরা চাই বিশুদ্ধ পানি। ওয়াসা যদি সমস্যার সমাধান করতে পারে ভালো। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই মন্তব্য করেন।
আদালতে ওয়াসার পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম শুনানি করেন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।
আদালতের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত চার সদস্যের কমিটি ওয়াসার কয়েকটি জোনের পানিতে ব্যাকটেরিয়া পায়। এরপরই পানি বিশুদ্ধকরণে ওয়াসার পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট।
শুনানিতে এ এম মাছুম বলেন, সমন্বিত পানি পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছিল ফেকাল কলিফর্ম পাওয়া গিয়েছে। সেই প্রতিবেদনে কিছু সুপারিশ ছিল সেগুলো বাস্তবায়ন করছি। সে সুপারিশ অনুসারে আইসিডিডিআর,বি ও বুয়েটে আমাদের পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পাতলাখান লেনের পানির রিপোর্ট পেয়েছি। মিরপুরেরটা রবিবার পাব।
তানভীর আহমেদ বলেন, আদালতের আদেশের পরে পানি পরীক্ষার জন্য কমিটি গঠন করতে তিন মাস সময় লেগেছিল। আজকে প্রতিবেদনের ওপর জবাব দাখিলের কথা ছিল। কিন্তু এখন তারা ভিন্ন কথা বলছে।
শুনানি শেষে হাইকোর্ট পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করেন।