পাকিস্তানের বিপক্ষে জয়খরা: লিটন বললেন, ‘রেকর্ড ভাঙতে সময় লাগবে না’

টি-টোয়েন্টিতে মূল দলের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ নয় বছরের জয়খরা। তবে অতীত ভুলে সামনে তাকাতে চান টাইগার অধিনায়ক লিটন দাস। রেকর্ড ভাঙতে হলে খেলতে হবে সেরা ক্রিকেট—এমন বার্তাই দিলেন সতীর্থদের।

রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

এই সংস্করণে এখন পর্যন্ত ২২ ম্যাচে মাত্র তিনবার জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে একটি এসেছে ২০২৩ সালে এশিয়ান গেমসে, যেখানে খেলেনি কোনো দেশের মূল দল। মূল দলের লড়াইয়ে টাইগারদের সর্বশেষ জয় ২০১৬ সালের মার্চে, মিরপুরে অনুষ্ঠিত এশিয়া কাপে।

সবশেষ ১২ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টানা হারের হতাশা মুছে ফেলার প্রত্যয় লিটনের কণ্ঠে, 'সব রেকর্ডই একদিন ভাঙার জন্যই তৈরি হয়। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না।'

পাকিস্তানের বিপক্ষে হোম কন্ডিশনকে সুবিধা হিসেবে দেখলেও লিটনের মনোযোগ মূলত মাঠের পারফরম্যান্সেই, 'বিপিএলে খেলার সুবাদে পাকিস্তানি ক্রিকেটাররাও এখানকার কন্ডিশন ভালো জানে। কাজেই, জিততে হলে আমাদেরই ভালো খেলতে হবে।'

উইকেট কেমন হবে—এই প্রশ্নে লিটনের জবাব, 'হাই স্কোরিং নাও হতে পারে, কিন্তু ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই দলই কাছাকাছি থাকবে।'