কন্ডিশন, করাচি ক্যাম্প ও বিপিএল অভিজ্ঞতা— প্রস্তুত পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে গতকাল দুপুরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন স্বাগতিকদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা।

বাংলাদেশে আসার আগে এই সিরিজকে ঘিরে করাচিতে বিশেষ ক্যাম্প করে এসেছে পাকিস্তান দল। সেই ক্যাম্পে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল মিরপুরের আদলে উইকেট। অনুশীলনেও রাখা হয়েছিল ম্যাচসদৃশ চাপ। এ নিয়ে পাকিস্তানের অধিনায়ক জানান, 'বাংলাদেশে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং, বিশেষ করে তাদের ঘরের মাঠে। এখানকার কন্ডিশন আমাদের জন্য নতুন, তবে আমরা তৈরি।' 

বাংলাদেশ খেলতে আসা পাকিস্তানের এই সিরিজের স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের মধ্যে ৯ জনই আগে বিপিএলে খেলেছেন। মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, খুশদিল শাহদের মতো নিয়মিত মুখদের সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চায় পাকিস্তান। সালমান বলেন, 'স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারই বিপিএলে খেলেছে। তাদের এই অভিজ্ঞতা কাজে লাগাতে উইকেট, কন্ডিশন নিয়ে কথা বলেছি। সবাই নিজের পরামর্শ দিয়েছে। আমরাও সেভাবেই পরিকল্পনা করেছি।'

তবে ক্রিকেটারদের বিপিএলের অভিজ্ঞতার প্লাস পয়েন্ট থাকলেও ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলাদেশ যে শক্তিশালী প্রতিপক্ষ সেটাও মনে করিয়ে দিলেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, 'এখানের কন্ডিশন আমাদের জন্য আলাদাই। যে কোনো মাঠ, যে কোনো কন্ডিশনে বাংলাদেশ ভালো দল। আর ঘরের মাঠে আরও ভালো দল। আমরা জানি, কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেটার জন্য তৈরিই আছি। এখানে খেলতে আসতে পেরে আমরাও বেশ উচ্ছ্বসিত।'

এদিকে পাকিস্তানের কৌশল এবার কিছুটা বদলেছে। তারা চাইছে প্রথমে ব্যাট করে বড় স্কোর তুলতে, তারপর বোলিংয়ে প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে। তবে কন্ডিশনের ওপরও জোর দিচ্ছেন অধিনায়ক। তিনি বলেন, 'যদি কন্ডিশন আমাদের স্টাইলে খেলতে দেয়, তাহলে আমরা খেলবো। না দিলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেব।' 

গতকাল পাকিস্তান দল অনুশীলন করেনি। এর আগে গেল পরশু শুক্রবার মিরপুরে ফ্লাডলাইটে ফখর জামান ও সাইম আইয়ুবের আগ্রাসী ব্যাটিং প্রমাণ করেছে-সিরিজে চ্যালেঞ্জ নিয়েই এসেছে পাকিস্তান। এই সিরিজের পরবর্তী দুই ম্যাচ আগামী ২২ ও ২৪ জুলাই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ।