ঢাবিতে তরুণদের ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সম্পর্কে সচেতনতায় বিশেষ লেকচার

তরুণ প্রজন্মের মধ্যে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ লেকচার আয়োজন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘২০২৫ আইসিএইচ ইউথ নেটওয়ার্ক স্পেশাল লেকচার’ শীর্ষক এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে৷ দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

ইউনেস্কো ICHCAP এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এর যৌথ উদ্যোগে এই বিশেষ লেকচারটি আয়োজন করা হচ্ছে। 

বিশেষ এই লেকচারে  উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপকগণ, ইউনেস্কো ICHCAP প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 
প্রসঙ্গত, ইনট্যানজিবল কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত মূল ধারণাগুলোর হলো—প্রতিটি সম্প্রদায়ের বিশ্বাস, রীতিনীতি, পারফরম্যান্স, সামাজিক উৎসব, কারুশিল্প, পারিপার্শ্বিক জ্ঞান ও পরিবেশ সংরক্ষণে ব্যবহৃত ঐতিহ্যসমূহ; যা ঐ সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
এধরণের ঐতিহ্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়ে সমাজের সংস্কৃতি ও সামাজিক সংহতি বজায় রাখে। তবে বিশ্বায়নের প্রভাবে অনেক ঐতিহ্য বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে। তাই, ইনটানজিবল কালচারাল হেরিটেজ সংরক্ষণে তরুণ প্রজন্মের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে।