বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, মুন্সীগঞ্জ, বরগুনা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২২ দিনে ৬৫ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। ১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলা এ অভিযানে ৪০ লাখ ৮৪ হাজার ৭০০ মিটার জাল ও ৩২৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা অবৈধ মাছ শিকারি, নিষিদ্ধ জাল ব্যবহার, মাদকসহ নৌপথের বিভিন্ন অপরাধে জড়িত।
নৌ-পুলিশের অতিরিক্ত এসপি (মিডিয়া) ফরিদা পারভিন জানান, গত ২২ দিনের অভিযানে ৬৫ জন জেলেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ২৮ জনকে ৬১ হাজার টাকা জরিমানা, ৪ জনকে ১ মাসের কারাদণ্ড, ১১ জনকে থানায় হস্তান্তর এবং ২২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে ১৩টি নৌকা, ১টি ট্রলার, একজনের মৃতদেহ, ১৫০ কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করা হয়।
এছাড়াও গত ১ মে থেকে ২১ জুলাই পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বিশেষ অভিযানে ১ লাখ ১৭ হাজার মিটার জাল, ১৯৬ কেজি মাছ, ২৭টি নৌকা, ২টি ট্রলার, ৩০০টি মাছ ধরার বড়শি এবং ১টি মোটরসাইকেল, ২টি ফ্রিজ, ২১২ প্রজাতির মাছ উদ্ধার করা হয়। অভিযানে ৯ জন জেলেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।