নীলফামারীর সৈয়দপুরের বিশিষ্ট চাল ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ মো. ইদ্রিস আলী (৮৫) আর নেই। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজ বাসভবন হাতিখানায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে— রাজেউন)। মৃত্যুকালে দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বুধবার (২৪ জুলাই) বাদ জোহর গ্রামের বাড়ি এলাকার বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে হাতিখানা পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।
মৌ. আব্দুল আজিজ
চাঁদপুরের কচুয়ায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মৌলভী আব্দুল আজিজ মজুমদার (১০৮) মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না... রাজিউন)। পরদিন বুধবার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ইসলামপুর তালিমুল কুরআন মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সত্ ও ধার্মিক হিসেবে এলাকায় বহুল পরিচিত মৌলভী আ. আজিজের জানাজা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজনসহ এলাকার বিপুলসংখ্যক লোকজন অংশ নেয়।
তোহাম্মেল হোসেন মজনুু
আওয়ামী লীগ রংপুর শহর কমিটির সাবেক সাধারণ সম্পাদক, রংপুর সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের রংপুরের এজেন্ট, বর্ষীয়ান রাজনীতিক তোহাম্মেল হোসেন মজনুর লাশ রবিবার নগরীর পীরপুর জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে পীরপুর কবরস্থানে দাফন করা হয় । রংপুর সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন সংবাদপত্রের এজেন্ট মো. তোহাম্মেল হোসেনের (মজনু) মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু ও সাধারণ সম্পাদক রশিদ বাবুসহ রংপুরে কর্মরত সকল পত্রিকার সাংবাদিকবৃন্দ। গত শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বত্সর। পেশায় পত্রিকা ব্যবসায়ী হলেও ছোটোবেলা থেকেই রাজনীতি ছিল তার নেশা।