প্রথমবার বাংলাদেশে পারফর্ম করবেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ

জন্মসূত্রে বাংলাদেশি হলেও বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই শুরু তার জাদুকরী সংগীতযাত্রা। ‘ইন্ডিয়ান সামার’, ‘স্টারলাইট’, ‘দিস সং রিমাইন্ডস মি অব ইউ’- একটি নয়, একের পর এক হিট ট্র্যাক দিয়ে বিশ্বজুড়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

কোচেলা থেকে লোলাপালুজা- বিশ্বের সেরা ফেস্টিভ্যালগুলোতে তার উপস্থিতি মানেই বিশাল হাইপ। আর এবার সেই হাইপ নিয়ে এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।

কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল ২০২৬-এ হেডলাইন করবেন ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ। ২৯ থেকে ৩১ জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতে হবে এই উৎসব। বাংলাদেশের মাটিতে তার প্রথম লাইভ শো এই ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকেরা।

ডিজে জাই উলফ। ছবি: সংগৃহীত

আয়োজকেরা জানান, কক্সবাজারের সমুদ্র সৈকতে অত্যাশ্চর্য লাইটিং ও ভিজ্যুয়াল এফেক্টে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের পুরো অভিজ্ঞতাটাই হবে জাদুকরী। বাংলাদেশি সাউন্ড বা লোকসংগীতের সঙ্গে এক্সপেরিমেন্টও থাকতে পারে এ আয়োজনে।

জাই উলফের আসল নাম সজীব সাহা। জন্ম রাজশাহীতে। মাত্র এক বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। পাঁচ বছর বয়স থেকে মায়ের আগ্রহে ভায়োলিন শিখতে শুরু করেন। ভারতীয় ধ্রুপদি সংগীতের পাঠও নিয়েছেন। ২০০৮ সালে যখন তিনি হাইস্কুলের ছাত্র, তখন থেকে সংগীত প্রযোজনা শুরু করেন।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মার্কেটিং ও কমিউনিকেশন নিয়ে পড়লেও সংগীতকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন জাই উলফ। বেশ কিছু সিঙ্গেল ছাড়াও ২০১৯ সালে ‘দ্য কিউর টু লোনলিনেস’ নামে একটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

ডিজে জাই উলফ। ছবি: সংগৃহীত

এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছেন জাই উলফ। তবে বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে তার প্রথম পারফরম্যান্স।

টিকিট নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, প্রস্তুতি নিচ্ছেন সংগীতপ্রেমীরা। আর ফেস্টিভ্যাল ও জাই উলফের পারফরম্যান্স সংক্রান্ত সকল আপডেটের জন্য নজর রাখতে পারেন বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে।